স্টাফ রিপোর্টার:
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক।
এ সময় তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে। আহত অবস্থায় প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আলম খুলনা জেলা পুলিশের একটি সার্কেলে কর্মরত। বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর শান্তিধাম মোড়ে অবস্থিত পুলিশ ক্লাবের দিকে যাচ্ছিলেন তিনি। পথে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা তাঁর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কব্জির ওপর আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স