নিজস্ব প্রতিবেদক:
পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সাজেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের কর্মসূচি ঘোষণা করে। পরে দুপুরে গঙ্গারাম বাজার এলাকায় পর্যটকদের চলাচলের সড়কে অবরোধ সৃষ্টি হলে ভ্রমণকারীরা সমস্যায় পড়েন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিকে, দুর্গাপূজার ছুটিকে ঘিরে সাজেকে পর্যটকদের উপস্থিতি বাড়ছিল। এ সময় অনেক পর্যটক আগাম বুকিং দেওয়ায় আবাসন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ ভ্রমণ বন্ধের সিদ্ধান্তে তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
খাগড়াছড়ি-সাজেক রুটের জিপ গাড়ির লাইনম্যান সৈকত চাকমার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার খাগড়াছড়ি থেকে ৫৮টি জিপসহ প্রায় শতাধিক গাড়িতে করে আনুমানিক ১ হাজার ২০০ পর্যটক সাজেকে পৌঁছান।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি স্বপন দেব বর্মন জানান, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে তাঁরা প্রশাসনকে সহযোগিতা করবেন।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেক ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের যাত্রার আগে প্রশাসনের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স