নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন বলে জানা গেছে।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা রানী দাস (২৫) ওই এলাকার বাসিন্দা উদ্ভব দাসের স্ত্রী। তাঁর স্বামীর বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বিরোধ দেখা দিত। ঘটনার রাতে তাঁদের মধ্যে কী নিয়ে বিরোধ হয়েছিল, তা বিস্তারিত জানা যায়নি। পরে ওই গৃহবধূর রক্তাক্ত মরদেহ ঘর থেকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর শরীর, মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগও পাওয়া যায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন অভিযুক্ত স্বামী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স