রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে একটি সচল বিদেশি রিভলবার ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যুবককে আটক করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১)। তিনি হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল ওই যুবকের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের কৃত্রিম তন্তুর তৈরি বাজারের ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি সচল বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে মেড ইন পাকিস্তান লেখা রয়েছে।
অভিযানে রিভলবারের আট রাউন্ড গুলি ও উইনস্টার ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু এবং তিনটি পিতল দিয়ে তৈরি বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা করেন।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
দেশ বাংলা টিভি ডেক্স