মোঃ স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিএসসির পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামি ও মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকোরিয়া এবং বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি ওলিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ রাজু ইসলাম (২৭) ও মোঃ রবউল ইসলাম (৫০)। তাঁদের মধ্যে রাজু ইসলাম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি। অন্যদিকে রবউল ইসলাম মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এসআরবি-১২ সূত্রে জানা গেছে, রাজু ইসলামের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রীর অশ্লীল ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে সোনাতলা উপজেলার দক্ষিণ আটকোরিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজু ইসলামকে গ্রেপ্তার করে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল।
অন্যদিকে, একই দিনে পৃথক অভিযানে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি ওলিরবাজার এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেশ বাংলা টিভি ডেক্স