গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধ সরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১০ অক্টোবরও তাঁরা আন্দোলন করেছিলেন। ওই আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দেয়। তবে নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। বুধবার বেতন পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
শ্রমিকদের দাবি, বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এর পর সকাল থেকেই তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকেরা অবরোধ চালিয়ে গেলে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
দেশ বাংলা টিভি ডেক্স