নেত্রকোনা সংবাদদাতা:
নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০)। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে স্থানীয় অনিয়ম, অপরাধ এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই পথের মধ্যে তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
বাজার এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে সাংবাদিক হত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দেশ বাংলা টিভি ডেক্স