নওগাঁ সংবাদদাতা: নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ অভিযান চালানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চকিলাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স