নিজস্ব সংবাদদাতা :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) এ বোর্ড গঠন করা হবে। একই দিন বোর্ড গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে রোববার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকেও কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শ্রমিকদের এই দাবির মধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ঘিরে পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে বোর্ডের সুপারিশে ন্যূনতম মজুরি কত নির্ধারিত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত।
দেশ বাংলা টিভি ডেক্স