মুন্সিগঞ্জ সংবাদদাতা:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে মসজিদের সামনে অবস্থান করার সময় বালুভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ।
সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। তাঁদের মধ্যে নেকবর আলী উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে এবং কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। দুর্ঘটনায় আহত হাশেম বেপারী (৭০) একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার আগে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরের দিকে যাওয়ার পথে বালুভর্তি একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে পড়ে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কী ঘটেছে, তা তাঁর জানা নেই।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়েছিল।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স