গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার সকালে মহানগরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরের সাইনবোর্ড, রওশন সড়ক, ভোগড়া, নাওজোর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের ধাওয়া দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এদিকে জয়দেবপুর রোডের রওশন সড়ক এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে কোনাবাড়ী এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ কাজে যোগ দেওয়া শ্রমিকদের কারখানা থেকে বের করে আনতে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে।
শ্রমিক বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে গাজীপুরের প্রায় ২০ থেকে ২৫টি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ সময় অনেক শ্রমিক কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ৯টার দিকে শ্রমিকদের একটি অংশ বিক্ষোভ করে মহাসড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
তিনি আরও জানান, শ্রমিকরা বিভিন্ন সময় মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন চলছে। বুধবার সকালেও একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
দেশ বাংলা টিভি ডেক্স