নিজস্ব সংবাদদাতা :
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এর ফলে নতুন কাঠামো অনুযায়ী জানুয়ারি মাস থেকেই বর্ধিত বেতন পাবেন শ্রমিকেরা। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার নতুন মজুরি কাঠামো কার্যকরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
এদিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব উপস্থাপন করবেন। এরপর প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে মালিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
অন্যদিকে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে। এর আগে এই দায়িত্বে ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
দেশ বাংলা টিভি ডেক্স