মো: স্বাধীন খান, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তিসি গাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন হেলপার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন ) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চালকের ট্রাকটি আমবোঝাই ছিল এবং অপর ট্রাকটি ছিল বালুবাহী। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এ দুর্ঘটনার কারণে নওগাঁ-বগুড়া মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৫টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দেশ বাংলা টিভি ডেক্স