টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল হোসেন (১৪) গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।
জানা গেছে, শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সহপাঠীদের সঙ্গে নৌকা ভ্রমণে এসে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামে ইসমাইল। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে গেলে নিখোঁজ হয়।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
রোববার (২৬ জুলাই) সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাটের অদূরে নদীতে ইসমাইলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তা উদ্ধার করেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের অভিযানের সময় মরদেহটি ভেসে উঠলে পরিবারের সদস্যরা সেটি উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা টিভি ডেক্স