নিজস্ব প্রতিবেদক :
নওগাঁ শহরে চার্জারচালিত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিআরটিসি বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় বেস্ট কেয়ার ল্যাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চার্জারচালিত যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। সহকর্মী ও পরিচিতদের ভাষ্য, তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও সদালাপী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দেশ বাংলা টিভি ডেক্স