টাঙ্গাইল প্রতিনিধি:
শিক্ষাজীবন চালিয়ে যেতে সংগ্রামরত মেধাবী শিক্ষার্থী এবং অর্থাভাবে চিকিৎসা করাতে হিমশিম খাওয়া অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা পরিষদ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ২৩ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এতে জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাভোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির বলেন, সমাজের পিছিয়ে থাকা মানুষকে সহযোগিতা করা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিক অঙ্গীকারও।
তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থের অভাবে তাদের স্বপ্ন থেকে সরে না যায় এবং অসুস্থ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই জেলা পরিষদ নিয়মিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং প্রয়োজনের ভিত্তিতে আরও বেশি মানুষের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স