দেশ বাংলা টিভি নিউজ ডেক্স:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতের দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দেশ বাংলা টিভি ডেক্স