রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার বল্লভপুরে ধানক্ষেত থেকে মানুষের একটি বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক প্রথমে পাটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, অন্য কোথাও কোনো ঘটনা ঘটার পর বিচ্ছিন্ন অঙ্গটি সেখানে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে। একই সঙ্গে পাটিটি কার এবং কীভাবে ধানক্ষেতে এলো, তা জানতে তদন্ত শুরু করেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স