টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের বিরোধের জেরে আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তার মাদকাসক্ত ছেলে মোস্তফা ভুঁইয়ার (২০) আঘাতেই তিনি মারা গেছেন।
রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় ছেলে মোস্তফা তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোস্তফা ঘরে থাকা শীলপাটা দিয়ে বাবার মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
আঘাতের পর আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও মেয়ে সালমা বলেন, মোস্তফা বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত। মাদকের কারণে তার আচরণেও পরিবর্তন দেখা যায়। প্রায়ই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন।
বেকড়া আটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, মোস্তফার সঙ্গে তার বাবার টাকা-পয়সা নিয়ে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে আব্দুর রহিমের মৃত্যু হয়।
নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তার ভাই মোস্তফা ভুঁইয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকেই মোস্তফা পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স