রিমন সিদ্দিকী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের কয়েকজন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হিরা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
এদিকে, দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও তাঁর পরিচয় এবং মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দুই মোটরসাইকেলের সংঘর্ষের কারণ এবং দুর্ঘটনায় আহতের প্রকৃত সংখ্যা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স