নওগাঁর নিয়ামতপুরে সজল মালী (৩০) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী তিন নারীর বিরুদ্ধে।
বুধবার সকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া (মালীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত সজল মালী হাসুড়া গ্রামের জিতেন মালীর ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী দুলালী মালী বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রতিবেশী মুক্তি রানী, মন্ডবি মালী ও মালা রানীর সঙ্গে সজল মালীর কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার সকালেও সজলের স্ত্রীর সঙ্গে ওই তিন নারীর বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সজল তাঁর স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে যান। তখন অভিযুক্তরা সজলের ওপরও হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মানিক মালীর স্ত্রী মুক্তি রানী (৩৬), মৃত মদন মালীর স্ত্রী মন্ডবি মালী (৫৮) এবং রতন মালীর স্ত্রী মালা রানী (২৮)-কে হেফাজতে নেয় পুলিশ।
নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দেশ বাংলা টিভি ডেক্স