ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষে এক নারী ও এক পুরুষ স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া থাকতেন। কক্ষটির দরজা-জানালা বেশির ভাগ সময় বন্ধ থাকত। পরে সেখান থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে তিনজনের মরদেহ দেখতে পায়। এর মধ্যে পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল।
খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে বা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
দেশ বাংলা টিভি ডেক্স