মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি শুকনা গাঁজাসহ মো. রফিক (৩২) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য বিভিন্ন এলাকায় তৎপর ছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, রংপুর থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বগুড়া শহরের চারমাথা এলাকার দিকে আসছে এক ব্যক্তি।
খবর পেয়ে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমের নির্দেশনায় এবং সদর থানার ওসি মো. ইব্রাহীম আলীর তত্ত্বাবধানে রাত ১০টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় মাহাথীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
কিছুক্ষণ পর সন্দেহভাজন সাদা রঙের নিশান প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থেকে নেমে রফিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
আটকের পর রফিকের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ির পেছনের অংশে বিশেষভাবে রাখা তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো লাল প্লাস্টিকের কাগজ ও খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছিল। ডিজিটাল মাপযন্ত্রে কাগজ ও কসটেপসহ প্রতিটি পোটলায় পাঁচ কেজি করে মোট ১৫ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৯-৩৮৪৮ নম্বরের নিশান প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বগুড়া, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় রফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমানকে।
মো: স্বাধীন খান (বগুড়া জেলা প্রতিনিধি)