স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পুরোনো স্থাপনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালী রেলগেট সংলগ্ন এস কে টাওয়ারের পেছনের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় এস কে শপিং মলের পেছনে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন বা কেউ আহত হয়েছেন এমন তথ্যও জানানো হয়নি।
দেশ বাংলা টিভি ডেক্স