স্টাফ রিপোর্টার::
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ৩৫ হাজার কেজি সারসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের কাছাকাছি এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা সেখানে অবস্থান নেন।
এ সময় তিনটি ট্রাক থেকে ইউরিয়া সার একটি কার্গো বোটে তোলার কার্যক্রম চলছিল। সন্দেহজনক ওই কর্মকাণ্ডে অভিযান চালিয়ে কোস্ট গার্ড সদস্যরা ৭০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেন। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অভিযানে সার পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। পাশাপাশি পাচারে ব্যবহারের অভিযোগে তিনটি ট্রাকও হেফাজতে নেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া সার, জব্দ করা যানবাহন ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান ও অবৈধভাবে পণ্য পাচার ঠেকাতে কোস্ট গার্ডের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স