স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় নিজ বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ ওই এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মাছুম বাড়িতে আগুন ধরিয়ে দিলে তার মা বিষয়টি নিয়ে অভিযোগ করেন। পরে ঘটনাটি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। এরপর তাকে আটক করে আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাছুম শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
দেশ বাংলা টিভি ডেক্স