নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির কাছের হাওড়ের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদাত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। অপর শিশু শাহাদাত একই গ্রামের সেকুল মিয়ার সন্তান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে দুই শিশু বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বিদ্যালয়ের পাশের হাওড়ের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে হাওড়ের পানিতে তল্লাশি চালিয়ে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করেন। তবে তাদের উদ্ধারের আগেই মৃত্যু হয়।
খবর পেয়ে খালিয়াজুরী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। থানার এসআই মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে শিশু দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খালিয়াজুরী থানার ওসি নাসিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনগত আনুষ্ঠানিকতা শেষে শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে জাহেরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স