নিজস্ব প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ফরহাদকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ফরহাদ ভোলার দুলারহাট থানার বাবুল হোসেনের ছেলে। তিনি কেরানীগঞ্জের আরশিনগর মেম্বারগলি এলাকায় থাকতেন এবং মোহাম্মদপুরে মাছ বিক্রি করতেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার কিছু আগে ফরহাদ আরও দুজনের সঙ্গে আরশিনগরের একটি সেলুনে যান। তিনি সেলুনে চুল কাটানোর সময় সঙ্গে থাকা দুজন অন্য কাজে বের হয়ে যান। পরে তারা ফিরে এসে সেলুনের কাছের রাস্তায় ফরহাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ফরহাদের চাচাতো ভাই আক্তার হোসেনের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সঙ্গে ফরহাদের আগে থেকেই বিরোধ ছিল। তিনি দাবি করেন, সাব্বির, সোহেল, আরমান, কাল্লু, রানা ও রমিজসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ফরহাদের ওপর হামলা করেন। এ সময় গুলি চালানোর ঘটনাও ঘটে বলে তার দাবি। বিভিন্ন সময় ফরহাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলেও তিনি জানান।
পরে ফরহাদকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের পর তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পেছনের কারণ এবং হামলায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশ বাংলা টিভি ডেক্স