বেনাপোল সংবাদদাতা:
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ৪ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে অভিযান চালানো হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ওসমান সরদারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ মোছা. হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং মো. সাকিব হোসেন রানা (২৫)কে আটক করা হয়।
আটক হালিমা খাতুন শার্শার বুরুজবাগান দক্ষিণ এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী। অপর আটক সাকিব হোসেন রানা একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অভিযানের সময় ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ আল-আমিন (২১)কে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের মনোহরপুর এলাকার আব্দুর রহমান বিশ্বাস ও মোছা. ফুলজান বেগমের ছেলে।
পরে উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রহমত উল্লাহ আল-আমিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দেশ বাংলা টিভি ডেক্স