নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ইউনিটের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন এ তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজনের মধ্যে একজন নেত্রকোনার বারহাট্টা উপজেলার গাছতলা এলাকার কুলসুমা (৫০)। তিনি ইসহাক মিয়ার স্ত্রী। গত ১৬ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
অপর মৃত ব্যক্তি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আল আমিন (৩৫)। তিনি ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী ও ১০ জন শিশু।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে মোট ২ হাজার ৩৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স