স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মো. জুয়েল (২৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলার শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা এবং পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল পূর্বাশা পরিবহনের একটি বাস। একই সড়কে মাগুরার দিকে যাচ্ছিল ময়দাবাহী একটি ট্রাক। শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছানোর পর ট্রাকটির একটি টায়ার পাংচার হয়ে যায়।
ট্রাকচালক মহাসড়কের ওপর গাড়িটি থামিয়ে পাংচার হওয়া চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
ধাক্কার সময় বাসের সামনের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স