বাগেরহাট সংবাদদাতা:-
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি বের করার চেষ্টা করাকে কেন্দ্র করে আহাদ আহমেদদের সঙ্গে তার চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং আহাদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামানের ওপর হামলা করা হয়।
হামলায় বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে আহাদ আহমেদের মৃত্যু হয়। গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশ বাংলা টিভি ডেক্স