কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শহরসংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় চাইনা রানী বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস আহত হয়েছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাইনা রানী বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতল পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, চাইনা রানী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসকের কাছে দেখাতে সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে রওনা হন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস। মহাসড়কের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কের একটি অংশের কাজ শেষ না হওয়ায় ওই অংশ দিয়ে যান চলাচলে জটিলতা ছিল। এ সময় বিদ্যুৎ কুমার মোটরসাইকেল নিয়ে বিপরীত পাশের সড়কে প্রবেশ করেন।
পথে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই সড়কে পড়ে আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চাইনা রানীকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে চলে গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স