স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। একই সড়কে চলাচলরত একটি ইজিবাইককে ঘুন্টি বাজার এলাকায় ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে গিয়ে আঘাত করে। একই সময় ট্রাকটিও বাজারের কয়েকটি দোকানের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
দেশ বাংলা টিভি ডেক্স