আন্তর্জাতিক ডেক্স:-
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সুফল দেশের প্রতিটি পরিবার ও নাগরিকের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে দেওয়া ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খাতে সহায়তার জন্য চালু করা কার্ডগুলোকে পর্যায়ক্রমে সমন্বয় করে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত জুলাই মাসেও জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বিভিন্ন সেবার জন্য ব্যবহৃত কার্ডগুলোকে পর্যায়ক্রমে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ডসহ বিভিন্ন সুবিধাভিত্তিক কার্ড একীভূত করার বিষয়টি উল্লেখ করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রী জাতিসংঘে দেওয়া বক্তব্যে যে ‘ইউনিভার্সাল কার্ড’-এর কথা বলেছেন, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক সুরক্ষা ও সরকারি সুবিধাগুলোকে সমন্বয়ের পরিকল্পনা। এটি জাতিসংঘের জন্য বা আন্তর্জাতিক পর্যায়ে চালুর কোনো কার্ড নয় এ বিষয়ে বিভ্রান্তি এড়াতে বাংলাফ্যাক্টও বিষয়টি স্পষ্ট করেছে।
দেশ বাংলা টিভি ডেক্স