ঢাকা থেকে আনন্দ সরকার:
রাজধানীর মহাখালী এলাকায় তালহা রহমান (৩৩) নামে এক যুবদল নেতাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তিনি মহাখালী ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত তালহা মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগে মোবাইল ফোনে তালহাকে মহাখালী এসএ পরিবহণ ও এ বিএম পাম্পের মাঝামাঝি একটি গলিতে যেতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর কয়েকজন ব্যক্তি তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি।
হামলার পর তালহাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তালহা রহমান নিজ বাসায় রয়েছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই মো. মুয়াম্মার রহমান।
তিনি জানান, হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স