কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে মালয়েশিয়াগামী একটি কাঠের বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ।
নৌবাহিনী সূত্রে জানা যায়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে থাকা এফভি ক্রিস্টাল-১ নামের একটি বোটের জেলেরা সমুদ্রে একটি ভাসমান কাঠের বোট দেখতে পান। সেখানে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
সংবাদ পেয়ে টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে বোটটি উদ্ধার করে। ওই সময় বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প অচল থাকায় ভেতরে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে বোটে থাকা মোট ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের অনেককে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখার পর সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বোটে তোলা হয়েছিল।
উদ্ধারের পর ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামও উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক ব্যক্তিদের থানায় আনার প্রক্রিয়া চলছিল।
সমুদ্রসীমায় মানবপাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স