স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১ টার দিকে নগরীর পূর্ব গন্দ্রপা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
শনাক্ত হওয়া চারজন হলেন—মাকসুদ আলীর স্ত্রী রাশিদা (৭০), তাঁর ছেলে মোস্তফা খন্দকার হোসেন (৫০), পুত্রবধূ মর্জিনা (২৫) এবং নাতি মিয়ান (৫)।
এদিকে নিহত অপর তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে বাইপাস সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।
দেশ বাংলা টিভি ডেক্স