স্টাফ রিপোর্টার:-
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকায় সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দোনা কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) ও মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিব (১৬)।
স্থানীয়দের তথ্যনুসারে জানা গেছে, সাইনবোর্ডের দিকে যাচ্ছিল ডাববোঝাই একটি নসিমন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কালিকাবাড়ি এলাকায় সেটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানান, মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স