স্টাফ রিপোর্টার:-
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে টাইলস বহনকারী পিকআপভ্যানের ধাক্কায় মো. ইসমাইল (২৫) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের ফকিরহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসমাইল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোটরা ইউনিয়নের মো. নুর ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে টাইলস নিয়ে একটি পিকআপভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফকিরহাট এলাকায় পৌঁছানোর পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকের পাশের আসনে থাকা ইসমাইল গাড়ির ভেতরে আটকে পড়েন।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স