কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এরপর রোববার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর নিচপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এ অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫২০ টাকা।
এ ছাড়া একই উপজেলার প্রাগপুর ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
দেশ বাংলা টিভি ডেক্স