ঢাকা সংবাদদাতা:
রাজধানীর নয়াপল্টন এলাকায় এসি মেরামতের কাজ করার সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন বর্মন পেশায় এসি মেকানিক ছিলেন। তিনি নয়াপল্টনের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সকালে দোকানে এসি মেরামতের সময় হঠাৎ কম্প্রেসর বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন বর্মনের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর এলাকায়। তার বাবার নাম শচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।
দেশ বাংলা টিভি ডেক্স