নিজস্ব সংবাদদাতা :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে WIN CEREX সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। তাদের সঙ্গে এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের সদস্যরা যৌথভাবে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিজিবির তিনটি টহলদল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা অংশগ্রহণ করেন।
আটকরা হলেন দক্ষিণ রামভদ্রপুর এলাকার মো. আব্দুর রহিম (৩৫) এবং কুটাহাড়া এলাকার রাব্বি হাসান (৩২)।
অভিযানকালে তাদের কাছ থেকে WIN CEREX সিরাপের ৬ বোতল লুজ এবং মোট ১ হাজার ৬০০ মিলিলিটার সিরাপ জব্দ করা হয়।
আটক দুই ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।
দেশ বাংলা টিভি ডেক্স