আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কয়েক মিনিটের ঝড়েই উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার পেঁপে ও কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে প্রায় ৩৫ হেক্টর পেঁপে এবং ৮০ থেকে ৯০ হেক্টর কলার জমি ক্ষতির মুখে পড়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ফুলবাগচালা, কুড়াগাছা ও সোলাকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঝড়টি আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে অনেক কলা ও পেঁপেগাছ ভেঙে মাটিতে পড়ে যায়। কোথাও কোথাও গাছ উপড়ে যাওয়ায় কৃষকেরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ বাতাসের গতি বাড়তে শুরু করে। একপর্যায়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন এলাকার কৃষিজমিতে থাকা কলা ও পেঁপেগাছ ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ের খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কৃষকদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, আকস্মিক ঝড়ে কলা ও পেঁপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে দেখা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
দেশ বাংলা টিভি ডেক্স