ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
আন্তর্জাতিক ডেক্স:

সৌদি আরবের আবহা ও রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। ওই ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক বলে জানা গেছে।
হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কাজে ব্যবহৃত একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে জ্বালানি ট্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে অতিরিক্ত নিরাপত্তাবেষ্টনী স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। পরদিন বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জ্বালানি সংরক্ষণ এলাকায় কালো ধোঁয়া দেখা যায়।

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও বেড়েছে। এর মধ্যেই বুধবার এডেন বিমানবন্দর লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। তবে ওই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতির অবনতির কারণে সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের জন্যও সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। তাদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: AP NEWS

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।