আপন আর্য্য,টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে এক বরের মৃত্যু হয়েছে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর বাসরঘরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। স্বজনেরা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া ব্যক্তির নাম আয়নাল হক (৩৮)। তিনি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হক টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। পাশাপাশি ছোটখাটো ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পারিবারিক পরিস্থিতির মধ্যে নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত নিয়ে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে বিয়ে করেন আয়নাল। রুবিনা পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফেরেন তিনি।
কিন্তু নতুন জীবনের শুরুতেই ঘটে মর্মান্তিক ঘটনা। বাসরঘরে যাওয়ার পর হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেই তাঁর মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিয়ের আনন্দঘন পরিবেশের মধ্যে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স