স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি বসতবাড়িতে তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবা ও মোবাইল ফোন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মাদকের বিস্তার রোধ ও মাদক পাচার নির্মূলে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
দেশ বাংলা টিভি ডেক্স