গাজীপুর সংবাদদাতা :
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের এক পরিবেশকের নগদ টাকা বহনকারী গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজনসহ মোট তিনজন। প্রাথমিক হিসাবে লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। তাঁদের মধ্যে হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখা মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় প্রতিষ্ঠানটির নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নরসিংদী সদর এলাকার আরেক পরিবেশকের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছিল।
ব্যক্তিগত একটি গাড়িতে করে ওই টাকা পরিবহনের সময় কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে তারা। একপর্যায়ে পিস্তল দিয়ে গুলি চালালে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল আহত হন।
এরপর গাড়িতে থাকা নগদ অর্থভর্তি তিনটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা। তবে গাড়িটিতে মোট চার কোটি টাকা ছিল বলেও দাবি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা টিভি ডেক্স