ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করেন।

 সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নোমান মিয়া (৩০)। তিনি হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।

ঘটনার বিষয়ে বিজিবি ও নিহতের পরিবারের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে গুলি চালানো হলে নোমান গুলিবিদ্ধ হন। অন্যদিকে, পরিবারের অভিযোগ, বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়।

নিহতের ছোট ভাই আবু রাইহানের ভাষ্য অনুযায়ী, রাতে বিজিবি সদস্যরা এলাকায় গরু খুঁজছিলেন। খবর পেয়ে নোমান ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাজারের ইজারা-সংক্রান্ত কাগজপত্র নিয়ে কথাকাটাকাটির সময় গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

আবু রাইহান আরও অভিযোগ করেন, ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর নোমানকে প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং স্বজনদেরও কাছে যেতে বাধা দেওয়া হয় বলে দাবি পরিবারের। পরে সকাল সাতটার পর তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্রুত চিকিৎসা দেওয়া হলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন স্বজনেরা।

তবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর পৌনে ছয়টার দিকে তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চোরাচালানের পণ্য জব্দ করে ফেরার পথে বিজিবির টহলদলের ওপর হামলা চালানো হয়।

বিজিবির বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয় এবং সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়। এরপরও হামলা অব্যাহত থাকলে বিজিবির এক সদস্য আহত হন। পরে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষার্থে গুলি চালানো হলে নোমান গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবি আরও জানিয়েছে, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, বিজিবির গুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।