ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

রাজবাড়ীতে ঝুটের আড়ালে ৩০ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
রাজবাড়ীতে ঝুটের আড়ালে ৩০ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: রাজবাড়ীতে ঝুটের আড়ালে ৩০ হাজার ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
রাজবাড়ী প্রতিনিধি:
ঝুটবোঝাই পণ্যবাহী ট্রাকে করে ইয়াবা পাচারের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ট্রাকের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশের দাবি, রমজান আলী এই মাদক চালানের মূল কারবারি।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান বহনকারী ট্রাকের গতিবিধি সম্পর্কে জানতে পারে পুলিশ। ট্রাকটি পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। এরপর ভোর সাড়ে চারটার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির একপর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন ডিবি সদস্যরা। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের আটক করে।
পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় তিন কেজি।

অভিযানে ট্রাকটির পাশাপাশি Redmi 12 5G ও TECNO KM5 মডেলের দুটি স্মার্টফোন এবং Winstar W500MID মডেলের একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ)/১০(গ) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।